২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক ব্যাংক।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এই সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এর মাধ্যমে ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে বলে ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

২৫ অগাস্ট রাজধানীতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি-এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, একই বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের আয়োজনে এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন সেশন পরিচালনা করবেন। 

প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতায় সহায়তা করবে বলে আশা করছে ব্র্যাক ব্যাংক।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত হবে এ কর্মসূচি। ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এসআইসিআইপি প্রকল্প এবং বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন,

“এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন উদ্যোক্তাদের সহজ অর্থায়নের সুযোগ দেয়। পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকে। এ প্রশিক্ষণ কর্মসূচি আমাদের তৃণমূল উদ্যোক্তা উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।”

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের অর্থনীতির গতি আরও বাড়িয়ে দেবে। এমন একটি গুরুত্বপূর্ণ ও ইমপ্যাক্টফুল কর্মসূচি আয়োজনের সুযোগ পেয়ে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”