Published : 22 Apr 2026, 12:21 AM
হজযাত্রীদের জন্য ‘হজ রোমিং সেবা’ নিয়ে এসেছে গ্রামীণফোন।
এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যেকোনো হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এর ফলে গ্রাহক কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার বা সৌদি আরবে আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই সহজে রোমিং প্যাকগুলো ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোনের এই রোমিং প্যাকের মেয়াদ ১৫ ও ৪৫ দিনের। এসব প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইনকামিং ও আউটগোয়িং কলের মিনিট এবং ফুল-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন বলছে, ‘আনলিমিটেড ইন্টারনেট হজ প্যাক’ এর মাধ্যমে নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলেও অবশিষ্ট মেয়াদজুড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন গ্রাহকরা। কোনো গ্রাহকের কাছে যদি ফাইভজি হ্যান্ডসেট থাকে এবং তিনি গ্রামীণফোনের ফাইভজি সেবার আওতায় থাকেন, তাহলে সৌদি আরবেও তিনি ফাইভজি সেবা পাবেন।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের জীবনের সবচেয়ে অর্থবহ ও আবেগঘন মুহূর্তগুলোতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন।”