২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএলের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ ৪০ শিক্ষার্থী

তারা আগামী এক বছর নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার সেমিনার, ওয়ার্কশপ ও প্রোমোশনাল ইভেন্টে নেতৃত্ব দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের ‘নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। 

শনিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এক অনুষ্ঠানে ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখার জন্য অনেক বড় একটি সুযোগ। এই প্রোগামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। পাশাপাশি তারা আমাদের বিভিন্ন মার্কেটিং, ইভেন্ট ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।”

এ বছরই প্রথমবারের মতো আয়োজিত নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আয়োজন করা হয়। যেখানে ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী আবেদন করেন বলে ভাষ্য কোম্পানির কর্তৃপক্ষের। 

তিনটি ধাপে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪০ জনকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। অ্যাম্বাসেডররা আগামী এক বছর নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার সেমিনার, ওয়ার্কশপ ও প্রোমোশনাল ইভেন্টে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, প্রাণ গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রঞ্জন কুমার দে, আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রাইয়ান হোসেন, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া তাবাসসুম আহমেদ, করপোরেট ব্র্যান্ডের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী উপস্থিত ছিলেন।