২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা: ১৭ কোম্পানিকে পুরস্কৃত করলো ভিসা

রাজধানীর শেরাটন হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’-এ ভিসার পক্ষ থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

দেশের ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিতে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি কোম্পানিকে ৩০টি পুরস্কারে ভূষিত করেছে ডিজিটাল লেনদেনের আন্তর্জাতিক কোম্পানি ভিসা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা বলছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দেশের ডিজিটাল অর্থনীতিতে 'ভালো পারফর্ম্যান্সের' স্বীকৃতিতে এ কোম্পানিগুলোকে ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর শেরাটন হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’-এ ভিসার পক্ষ থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

ভিসা বলছে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতা ও অংশীদারত্ব নিশ্চিত করতে এবং দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন কোম্পানিকে সম্মাননা দিতে এ কনক্লেভ আয়োজন করেছে তারা।

ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ফিনটেক, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও বেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ কনক্লেভে অংশ নেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নর আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বাংলাদেশ, নেপাল ও ভুটানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। 

তিনি বলেন, “বাংলাদেশে বাণিজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে ডিজিটাল প্রযুক্তির ওপর। তাই আমাদের পার্টনারদের অংশগ্রহণে একটি সহজ ও নিরাপদ ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। 

"বাংলাদেশের এই ডিজিটাল রূপান্তরের যাত্রায় আমরা সব পার্টনারদের সাথে মিলে আরও স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে ভিসার নতুন সেবাগুলো সবার সামনে তুলে ধরেন ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।

ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, “বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে পেরে ভিসা গর্বিত। কৌশলগত অংশীদারত্ব ও অত্যাধুনিক পেমেন্ট সলিউশন প্রদানের মাধ্যমে আমরা দেশের সাধারণ ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান তথা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই। 

"ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে, একত্রে কাজ অব্যাহত রাখার মাধ্যমে আমরা বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে পারব।"

ভিসার পার্টনার হিসেবে বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই), ফিনটেক, মার্চেন্ট ও প্রসেসিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

ভিসা জানিয়েছে, দেশের ডিজিটাল সেক্টরে কীভাবে আরও অগ্রগতি আনা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। 

কনক্লেভে ভিসার পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশে নিরাপদ, সহজ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়তে সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে একসঙ্গে কাজ করার আশ্বাস দেওয়া হয়।