১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর’ করল এসআইসিআইপি–বিজিএমইএ

অনুষ্ঠানে শিল্পের বাস্তব দক্ষতা-চাহিদা, প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা, নিয়োগের বর্তমান প্রবণতাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 07:19 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ আয়োজন করেছে এসআইসিআইপি ও বিজিএমইএ।

রোববার ঢকার বিজিএমইএ কমপ্লেক্সে এ কর্মশালা আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান এবং এসআইসিআইপি–বিজিএমইএ কর্মসূচির প্রধান সমন্বয়কারী মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিজিএমইএর পরিচালক রুমানা রশীদ। এতে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্তাব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় শিল্পের বাস্তব দক্ষতা-চাহিদা, প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা, নিয়োগের বর্তমান প্রবণতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের দ্রুত কর্মসংস্থানে যুক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়। 

অংশগ্রহণকারী এইচআর প্রধানরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগ–অভিজ্ঞতা, প্রয়োজনীয় দক্ষতার পরিবর্তন, প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে জনবল উন্নয়ন এবং শিল্পের প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা গেলে দক্ষ জনবল তৈরির প্রক্রিয়া আরও গতিশীল হবে। প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআইসিআইপি–বিজিএমইএ কর্মসূচির কো-অর্ডিনেটর (জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেস) মো. আশফাকুর রহমান ও সাইদা আফরিন।