Published : 26 Aug 2025, 01:32 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের ২৫ শিক্ষার্থী এইচএসবিসি বাংলাদেশের চট্টগ্রাম অফিস পরিদর্শন করেছেন।
সিআইইউ কর্তৃপক্ষ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনা ও করপোরেট পরিবেশ সম্পর্কে ধারণা পেতে তাদের এই শিক্ষামূলক ভ্রমণ।
বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের তত্ত্বাবধানে ভ্রমণে প্রক্টর অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী, সহকারী অধ্যাপক ইফফাত ইশরাত খান এবং প্রভাষক হুমায়রা জসিমও ছিলেন।
শিক্ষার্থীরা ব্যাংকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে ইন্টার্নশিপ, করপোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা নেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা ভিডিও প্রেজেন্টেশন ও কুইজে অংশ নেন।
এইচএসবিসির হেড অব চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ, গ্লোবাল ট্রেড সল্যুশনসের চট্টগ্রাম ক্লাস্টারের ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ চক্রবর্তী, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহিয়ান মঈন, সিআইইউ বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নিলয় কর্মকারসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।