২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গ্রাহক সেবা বাড়াতে বাংলালিংক ও বিকাশের চুক্তি

চুক্তির ফলে গ্রাহকরা বিকাশের মাধ্যমে এসএমএস ভিত্তিক সমাধান, ডেটা প্যাকেজ সেবা ও সহজ পেমেন্ট সুবিধা উপভোগ করবেন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ডিজিটাল অন্তর্ভুক্তি ও গ্রাহকদের সেবার সুযোগ বাড়াতে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের সঙ্গে চুক্তি করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।

রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বৃহস্পতিবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর ফলে গ্রাহকেরা এখন বিকাশের মাধ্যমে এসএমএস ভিত্তিক সমাধান, ডেটা প্যাকেজ সেবা ও সহজ পেমেন্ট সুবিধা উপভোগ করবেন। অংশীদারিত্বের ফলে দুটি প্রতিষ্ঠান সেবার অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও দ্রুত লেনদেন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল সুবিধাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং ডিজিটাল অন্তর্ভুক্তির প্রসারে সম্মিলিতভাবে কাজ করবে।”

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, “বাংলালিংকের ডিজিটাল সেবাদানে অভিজ্ঞতা এবং বিকাশের মোবাইল ফাইন্যান্সিয়াল সলুশনে দক্ষতাকে একত্র করে আমরা ব্যবহারকারীদের জন্য আরও বেশি চাহিদা পূরণে অর্থবহ অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।”

বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “বাংলালিংকের মত অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আস্থার পরিবেশ গড়ে তুলব, যেখানে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সেবা উপভোগ করবেন এবং সহজ আর্থিক সমাধান উপভোগ করবেন, যা তাদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।”

চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফাইজুল করিম, হেড অব সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আহাসুন হাবিব, করপোরেট গ্রুপ ম্যানেজার এস. এম. ফাহাদুজ্জামান এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার এস. এম. রাশেদুজ্জাহান উপস্থিত ছিলেন।

বিকাশের পক্ষে কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম, টেকনোলজি ও জেনারেল প্রোকিউরমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ফয়সাল বিন রায়হান, এসসি গভর্নেন্স অ্যান্ড কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার মশিউর রহমান এবং এসসি গভর্নেন্স অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট অফিসার তানজিদ হাসান ফাহিম উপস্থিত ছিলেন।