২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেলে চেপে হিমালয়ের তিন ট্রেইল জয় করলেন উজ্জ্বল

প্রায় দুই মাসব্যাপী এই অভিযানে উজ্জ্বল সাইকেলে চড়ে হিমালয়ের তিনটি ‘বিখ্যাত ও কঠিন’ ট্রেইল মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট এবং এভারেস্ট বেস ক্যাম্প অতিক্রম করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

সাইকেলে চেপে নেপালের হিমালয়ের তিনটি ট্রেইল সফলভাবে পাড়ি দিয়েছেন বাংলাদেশি সাইক্লিস্ট আরিফুর রহমান উজ্জ্বল।

‘দুরন্ত হিমালয়া এক্সপিডিশন’ নামে তার এই ‘চ্যালেঞ্জিং’ অভিযানে দেশের সাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত বাইসাইকেল’ সার্বিক সহযোগিতা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রায় দুই মাসব্যাপী এই অভিযানে উজ্জ্বল সাইকেলে চড়ে হিমালয়ের তিনটি ‘বিখ্যাত ও কঠিন’ ট্রেইল মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট এবং এভারেস্ট বেস ক্যাম্প অতিক্রম করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে পরিচিত এই তিন সার্কিট এক অভিযানে সাইকেলে ঘোরা ‘অত্যন্ত বিরল’। এই ‘দুঃসাহসিক যাত্রার’ সময় উজ্জল হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে ৮১৯ কিলোমিটারের বেশি সাইকেল চালিয়েছেন।

নেপাল থেকে দেশে ফেরার পর উজ্জ্বলকে বৃহস্পতিবার ‘দুরন্ত হিমালয়া এক্সপিডিশনের’ জয়ের প্রধান পৃষ্ঠপোষক ‘দুরন্ত বাইসাইকেলের’ পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উজ্জ্বল তার ট্রেইল জয়ের পেছনের গল্পগুলো তুলে ধরেন।

তিনি বলেন, “এই অভিযানের প্রতিটি দিন ছিল আমার জন্য এক নতুন পরীক্ষা। কখনো ভয়, কখনো ক্লান্তি, আবার কখনো নিঃশব্দে প্রকৃতির মহিমায় হারিয়ে যাওয়া। সবকিছু মিলেই ‘দুরন্ত হিমালয়া এক্সপিডিশন’ আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। কিন্তু আমি বিশ্বাস করি, দৃঢ় মনোভাব, প্রস্তুতি আর সাহস থাকলে কোনো পথই কঠিন নয়।”

 ‘দুরন্ত বাইসাইকেল’ এই অভিযানে যেভাবে পাশে ছিল, তা দেশের তরুণ সাইক্লিস্টদের জন্য ‘বড় অনুপ্রেরণা’ বলে মন্তব্য করেন উজ্জ্বল।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “বাংলাদেশের একজন সাইক্লিস্ট হিমালয়ের তিনটি কঠিন সার্কিট এক অভিযানে সাইকেলে অতিক্রম করেছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের সাইক্লিং ইতিহাসে একটি অনন্য অর্জন। উজ্জলের ‘দুরন্ত হিমালয়া এক্সপিডিশন’ এর সম্পূর্ণ যাত্রায় পৃষ্ঠপোষক হতে পেরে আমরা গর্বিত।”

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, দুরন্ত বাইসাইকেলের হেড অফ মার্কেটি শরিফুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার সুমন চন্দ্র ধর, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. আল-আমিন এবং ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।