রেমিটেন্স গ্রাহকদের নিয়ে ব্র্যাকের নানা আয়োজন
বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি প্রবাসী ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের তথ্য ও পরামর্শ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
দেশের বিভিন্ন জেলায় রেমিটেন্স গ্রাহকদের নিয়ে একাধিক সেশন করেছে ব্র্যাক ব্যাংক।
সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সেশন হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনের লক্ষ্য রেমিটেন্সের ব্যবহার ও বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি প্রবাসী ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের তথ্য ও পরামর্শ দেওয়া।
ব্র্যাক ব্যাংক বলছে, ‘উঠান বৈঠক’ ও ব্রাঞ্চ লেভেলে আয়োজিত সেশনে অংশগ্রহণকারীদের কাছে ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। হুন্ডির মত চ্যানেল পরিহার করে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।
সেশনে ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা গ্রাহকরা কয়েকশ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল ও প্রোডাক্ট— যেমন আস্থা অ্যাপ, এসএমই স্বাবলম্বী ঋণ এবং রেমিটেন্স-কেন্দ্রিক অন্যান্য সেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল বলেন, “আমাদের লক্ষ্য রেমিটেন্স গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা। এ জন্য আমাদের ব্যাংকিং সেবাগুলো এমনভাবে সাজিয়েছি, যা একদিকে যেমন দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখবে, তেমনি গ্রাহকদের অবৈধ চ্যানেলের পরিবর্তে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেবে।”
