ইভ্যালি গ্রাহকদের ১৩ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে: নগদ
বন্ধ হওয়ার সময় ইভ্যালির গ্রাহকদের ১৭ কোটি ৬৯ লাখ টাকা নিজেদের কাছে জমা থাকার কথা বলছে নগদ।
আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদ।
তারা বলছে, ইভ্যালি বন্ধ হওয়ার সময় গ্রাহকদের যে টাকা নগদের কাছে জমা ছিল, তার অধিকাংশই ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে।
মঙ্গলবার নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের অক্টোবরে বন্ধ হওয়ার সময় ইভ্যালির গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা নগদের কাছে জমা ছিল। এর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ টাকা ২৪ হাজার ৬৩০ জন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে।
নগদ বলছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২০২৩ সালে ১ হাজার ৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ লাখ ৪৭৫ টাকা এবং ২০২৪ সালে ২২ হাজার ৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৩০৪ টাকা ফেরত দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বর্তমানে নগদের কাছে ইভ্যালির গ্রাহকের ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৩৯৫ টাকা জমা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির নির্দেশনা মোতাবেক গ্রাহকদের এ অর্থ ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।
নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, “অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।”
