২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের ক্ষমতায়ন নিয়ে শেকৃবিতে প্রাইম ব্যাংকের উদ্যোগে সেমিনার

“টেকসই উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:02 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

আর্থিক অন্তর্ভুক্তি ও তরুণদের ক্ষমতায়ন নিয়ে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সেমিনার হয়েছে। 

প্রাইম ব্যাংক, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং এর আউটরিচ প্রোগ্রাম বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

প্রাইম ব্যাংক জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামিক উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “টেকসই উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং আউটরিচ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এইচআর) জিয়াউর রহমান তার বক্তব্যে তরুণদের ক্যারিয়ার গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং তরুণদের সম্পৃক্ত করতে ব্যাংকের নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। 

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন ব্যাংকের যুবউন্নয়ন কেন্দ্রিক কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন। 

এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান প্রাইম ব্যাংকের তিন দশকের অগ্রগতির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে আর্থিক সাক্ষরতার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

সেমিনারে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার যৌথ সহযোগিতার বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয়। প্রাইম ব্যাংক ও শেকৃবি উভয়ই শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগ, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাইম ব্যাংকের কর্মকর্তা ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।