লেখালেখি নিয়ে সিআইইউতে হয়ে গেল ‘ক্যারিয়ার টক’
“লেখালেখি কোনো তাৎক্ষণিক সাফল্যের গল্প নয়; এটি ধৈর্য, পড়ার অভ্যাস ও আত্ম-অনুসন্ধানের ফল,” বলেন আব্দুল্লাহ আল ফাহাদ।
লেখালেখিকে পেশা হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা ও বাস্তব দিকনির্দেশনা দিতে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের উদ্যোগে হয়ে গেল বিশেষ ‘ক্যারিয়ার টক’।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘হাউ টু পারসু অ্যা ক্যারিয়ার ইন লিটারেচার’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন তরুণ লেখক ও ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ফাহাদ।
তিনি বলেন, “লেখালেখি কোনো তাৎক্ষণিক সাফল্যের গল্প নয়; এটি ধৈর্য, পড়ার অভ্যাস ও আত্ম-অনুসন্ধানের ফল। যদি সাহিত্য হয়ে ওঠে নিজের সত্যকে খুঁজে পাওয়ার পথ, সেটাই প্রকৃত সফলতা।”
ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের মিডিয়া সেক্রেটারি মুমতাহানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার।
তিনি বলেন, “সাহিত্যচর্চা তরুণদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সহকারী ডিন সার্মেন রড্রিক্স।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
