বিকাশ অ্যাপে মিলছে রেমিটেন্স স্টেটমেন্ট
অনুরোধ জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহক।
প্রবাসীদের সুবিধায় বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘রেমিটেন্স স্টেটমেন্ট’ সেবা।
এর মাধ্যমে গ্রাহক যেকোনো সময় প্রয়োজনমত রেমিটেন্স স্টেটমেন্ট নিতে পারবেন বলে বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপের রেমিটেন্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে। দেশ অনুযায়ী অপারেটর, রেমিটেন্স স্টেটমেন্ট এবং রিসিট। স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিটেন্স স্টেটমেন্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
আবার ৩০ দিন, ১৮০ দিন, করবছর বা নিজের পছন্দমত তারিখ অনুসারে রেমিটেন্সের স্টেটমেন্টের জন্য অনুরোধ করা যাবে। দিনে দুই বার ও মাসে সর্বোচ্চ পাঁচ বার এই অনুরোধ করা যাবে। অনুরোধ জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহক।
স্টেটমেন্ট তৈরি হলে অ্যাপে নোটিফিকেশনও পাবেন গ্রাহক। এরপর ডাউনলোড করে স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে স্টেটমেন্টটিকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। রেমিটেন্স স্টেটমেন্টটি মিলবে বিনামূল্যে।
রেমিটেন্স গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, স্টেটমেন্টের এর সময়সীমা এবং ইস্যু ডেট থাকবে স্টেটমেন্টের উপরের অংশে এবং নিচের অংশে মোট রেমিটেন্সের সংখ্যা এবং পরিমাণ থাকবে গ্রাহকের সুবিধার জন্য।
বিকাশ বলছে, অন্যান্য আর্থিক লেনদেনের মত প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। শুরুতে রেমিটেন্স গ্রহণের সময় এবং তারিখ, যে দেশ থেকে পাঠানো হয়েছে সে দেশের নাম, সেটেলমেন্ট ব্যাংকের নাম, মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের নাম এবং পাঠানো রেমিটেন্সের সমপরিমাণ টাকার অংক লেখা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আসা সব রেমিটেন্সেরই বিস্তারিত তারিখ অনুসারে স্টেটমেন্টে যুক্ত থাকবে।
এ পর্যন্ত দেশে থাকা ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
