এডাস্ট আইডিয়া স্টোরে হলো ফুড অ্যান্ড বেভারেজ ওয়ার্কশপ
হোটেল ও হসপিটালিটি খাত বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প, যেখানে দক্ষ জনবল তৈরি করা অত্যন্ত জরুরি।”
স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এসডিআই) আইডিয়া স্টোর এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) যৌথ আয়োজনে হয়ে গেল ‘সেমিনার অন হোটেল ম্যানেজমেন্ট’ এবং ‘ওয়ার্কশপ অন ফুড অ্যান্ড বেভারেজ’।
শনিবার এডাস্ট আইডিয়া স্টোরে আয়োজিত এ অনুষ্ঠানে হোটেল ও হসপিটালিটি খাতে আগ্রহী শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন।
তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু অ্যাকাডেমিক ডিগ্রি নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই তরুণদের কর্মসংস্থানের মূল চাবিকাঠি। হোটেল ও হসপিটালিটি খাত বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প, যেখানে দক্ষ জনবল তৈরি করা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা এ বি এম শহিদুল ইসলাম এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ও কালিনারি আর্টিস্ট মরিয়ম হোসেন নুপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভার্গো লাউঞ্জের স্বত্বাধিকারী এবং আইডিয়া স্টোরের পরিচালক আলী আজগর অপু।
হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার পরিচালনা করেন বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এইচ সাইমন খান। এতে হোটেল অপারেশন, কাস্টমার সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউসকিপিং, ফুড সেফটি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফুড অ্যান্ড বেভারেজ ওয়ার্কশপটি পরিচালনা করেন জিহাদী কফিওয়ালার স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জিহাদী। এ ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিসভিত্তিক ধারণা দেওয়া হয়।
