ইশারা ভাষায় গ্রাহক সেবা, সম্মাননা পেল গ্রামীণফোন
“সাইনলাইন সেবার জন্য সম্মাননা পাওয়ায় গর্বিত গ্রামীণফোন,”বলেন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর।
বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ইশারায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেয়েছে টেলিকম অপারেটর গ্রামীণফোন।
বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়েছে।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ সম্মাননা স্মারক গ্রহণ করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে সেবা প্রদানে ২০২০ সাল থেকে 'সাইনলাইন' সেবা প্রদান করে আসছে গ্রামীণফোন। এই সেবার মাধ্যমে বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা ভিডিও কলের মাধ্যমে সেবা পাচ্ছেন। ‘রিকগনিশন ফর অ্যাকসেসিবল সার্ভিস’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে গ্রামীণফোন।
তানভীর মোহাম্মদ বলেন, “সাইনলাইন সেবার জন্য সম্মাননা পাওয়ায় গর্বিত গ্রামীণফোন। আমরা বিশ্বাস করি, ডিজিটাল দুনিয়া সবার। ২০২০ সালে চালুর পর থেকে সাইনলাইন শুধু বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্যই নয়, বরং সহজলভ্য যোগাযোগের প্রয়োজনে থাকা সকলকেই প্রয়োজনীয় সেবা প্রদান করে। এটুআই প্রোগ্রাম, ইউএনডিপি বাংলাদেশ এবং ফ্রেন্ডশিপ (আইএনজিও) আয়োজিত এই সম্মাননা আমাদের ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।”
