Published : 03 May 2026, 07:17 PM
নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্বিঘ্ন আর্থিক সেবা প্রসারে এক সঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও মোবাইলে আর্থিক সেবা দানকারী কোম্পানি প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড।
এ বিষয়ে সম্প্রতি চুক্তি করেছে উভয় কোম্পানি।
রাজধানীর বসুন্ধরায় জিপিহাউজে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ও প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সিইও শেখ আমিনুর রহমান এ বিষয়ে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন।
রোববার প্রাইম ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ফিনটেতকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।
এছাড়া স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকরা প্রাইম ব্যাংক ফিনটেকের ইউএসএসডি ব্যবহার করে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা নিতে পারবেন; যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখবে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “প্রাইম ব্যাংক ফিনটেকের সঙ্গে চুক্তির মাধ্যমে আমাদের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করছি। এর লক্ষ্য হলো, দৈনন্দিন সংযোগের পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সেবাগুলো নিশ্চিত করা; যাতে গ্রাহকরা তাদের ডিভাইস বা ইন্টারনেট সংযোগ যেমনই হোক, আরও নিরাপদে ও সুবিধাজনকভাবে লেনদেন, সংযোগ, এবং বিভিন্ন সেবা নিতে পারেন।”
প্রাইম ব্যাংক ফিনটেকের সিইও শেখ আমিনুর রহমান বলেন, “সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে সেবার পরিধি আরও বিস্তৃত করতে এবং বিশাল এক গ্রাহকগোষ্ঠীর কাছে সুবিধাজনক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দিতে আশাবাদী।”
এমওইউ সই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, হেড অব ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান, হেড অব প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অব ডিজিটাল রিটেইল ইনজামুল হক চৌধুরী এবং হেড অক প্রাইম অ্যাকাউন্টস-৩ হাসানুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ফিনটেক থেকে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদ হাসান এবং হেড অব টেকনোলজি অপারেশন অ্যান্ড সার্ভিসেস মাহিদুল হাসান উপস্থিত ছিলেন।