কোভিড: গত ২৪ ঘণ্টায় ২৯৫ রোগী শনাক্ত, মৃত্যু ২ জনের
গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে ২৯৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করে ২৯৫ জন রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। আগের দিন এই হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩২ হাজার ৯২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২১৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ১৭টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
যাদের মৃত্যু হয়েছে, তাদের একজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। একজনের বয়স ৬১ থেকে ৭০ এবং অন্যজনের ৪১ থেকে ৫০ বছরের ভেতরে ছিল। দুইজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টার ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৪৩ লাখ।
