২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি তরুণদের প্রার্থী: মাহী

দলীয় পরিচয় নয়, নিজেকে তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ্য বোধ করার কথা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন শনিবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব।

মাহী বলেন, “আমি বিকল্প ধারারও প্রার্থী নই। বিকল্পধারা এখনও আমাকে সমর্থন দেয়নি, হয়ত দেবে। আমি তরুণদের প্রার্থী। আমি ব্লু ব্যান্ড কলের প্রার্থী। যারা আমার সঙ্গে আছে তারা কোনো দিন কোনো রাজনীতি করেনি। কিন্তু তারুণ্যের ভাবনাকে তারা লালন করে।”

বিএনপির সাবেক সংসদ সদস্য মাহী দলটির সমর্থন চাইলেও তারা উত্তর সিটিতে মেয়র পদে তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে। তবে এখনও আশা ছাড়েননি।  

“পরিবর্তনের জন্য জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রয়োজন। আমি জাতীয়তাবাদী শক্তির সমর্থন চেয়েছি। কিন্তু সময় পার হয়ে যায়নি, ভবিষ্যতে সমর্থন আসতেও পারে,” বলেন মাহী।

ভোটের কাজে প্রচারে সবার সহায়তা চেয়ে তিনি বলেন, “ঢাকা সিটি উত্তরে মোট ৬ হাজার পোলিং সেন্টার আছে। সেখানে দুজন করে এজেন্ট দিলেও ১২ হাজার লোক প্রয়োজন। আমি ভোটের প্রচারণার সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।”