২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জবিতে মঞ্চস্থ হল 'স্যার, একটু বাইরে আসবেন?'

নাটকটিতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের অষ্টম আবর্তনের শিক্ষার্থীরা।

জবিতে মঞ্চস্থ হল 'স্যার, একটু বাইরে আসবেন?'

'স্যার, একটু বাইরে আসবেন?' নাটকের একটি দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:59 PM

Updated : 14 Dec 2022, 09:59 PM

একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ দিকে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল নাটক।

বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে (শান্ত চত্বর) ‘স্যার, একটু বাইরে আসবেন?' শিরোনামে এ নাটক পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।এ বিভাগের অষ্টম আবর্তনের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করেন।

এদিন বেলা সাড়ে ১১টায় নাটকটি প্রদর্শনের পর একই স্থানে দুপুর ২টা ও বিকাল ৩টায় আরও দুটি প্রদর্শনী হয়। যৌথভাবে এর নির্দেশনায় ছিলেন বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা ও কৃপাকণা তালুকদার।

Image

চারুকলা বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের নিচতলার আলোকচিত্র, ডকুমেন্টেশন ও স্থাপনা শিল্প প্রদর্শনী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের নিচতলার অস্থায়ী গ্যালারিতে আলোকচিত্র, ডকুমেন্টেশন ও স্থাপনা শিল্প প্রদর্শনী হয়। পুরো ডিসেম্বর মাস এ প্রদর্শনী চলবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডা. আলীম চৌধুরীর মেয়ে অধ্যাপক ডা. নূজহাত চৌধুরী।

চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রশীদ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের ইতিহাস সচেতন করতেই নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে।

নাটকের উদবোধনী মঞ্চায়নে উপস্থিত থেকে নূজহাত চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তার আদর্শ ধরেই এগিয়ে যেতে হবে। আদর্শ জাতি গঠনের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে বুকে ধারণ করতে হবে।”

আর নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই নাটকটি মঞ্চস্থ করা হয়ে বলে জানান নির্দেশক কৃপাকণা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।