২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে ’চালু হচ্ছে’ দক্ষিণ কোরিয়ার ‘কিং সেজং ইনস্টিটিউট’

এ ইনস্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিবেচনাধীন।

আইইউবিতে ’চালু হচ্ছে’ দক্ষিণ কোরিয়ার ‘কিং সেজং ইনস্টিটিউট’

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৯ অগাস্ট আইইউবির উপাচার্যের হাতে সনদ হস্তান্তর করে কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 06:46 PM

Updated : 30 Aug 2022, 06:46 PM

ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিকাশ কেন্দ্র ‘কিং সেজং ইনস্টিটিউট’।

গত ৯ অগাস্ট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অনুষ্ঠানে কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশনের পক্ষ থেকে আইইউবির উপাচার্য তানভীর হাসানের হাতে প্রয়োজনীয় সনদ হস্তান্তর করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, ইনস্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিবেচনাধীন। এ ইনস্টিটিউট হলে, কোরিয়ান ভাষাভাষীদের কাছ থেকে সরাসরি ভাষাটি শেখার সুযোগ তৈরি হবে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবি দক্ষিণ কোরিয়া সরকারের ‘উইন্ডো অন কোরিয়া’ অনুদান পায়।

সেই অনুদানের অর্থে ক্যাম্পাসে একটি ‘কোরিয়া কর্নার’ স্থাপনের কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়টির কমিউনিটি এনগেজমেন্ট কর্মকৌশলের অংশ।

সেখানে দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন উপকরণ রাখা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। এর ধারাবাহিকতায় কিং সেজং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয় আইইউবি।

উপাচার্য তানভীর হাসান বলেন, “আইইউবিতে কিং সেজং ইনস্টিটিউট স্থাপনের সুযোগ পাওয়া একটি অনন্য সম্মান। এটি আইইউবির ‘গোয়িং গ্লোবাল’ এবং ‘কমিউনিটি এনগেজমেন্ট’ কর্মকৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

“আমাদের অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীদের সচেতন বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলা। সেজন্য মাতৃভাষা ছাড়াও অন্য ভাষার জ্ঞান থাকা প্রয়োজন। ‘কিং সেজং ইনস্টিটিউট’ চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য সহজে কোরিয়ান ভাষা শেখার সুযোগ তৈরি হবে।”

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের অংশীদার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ কিং সেজং ইনস্টিউট স্থাপন করতে যাচ্ছে।

“বাংলাদেশে কোরিয়ান ভাষা ও সংস্কৃতির বিকাশে আইইউবি প্রায় এক দশক ধরে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, এই ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।”

কিং সেজং ইনস্টিটিউটের নামকরণ করা হয় কোরিয়ান বর্ণমালার প্রবক্তা সেজং দ্য গ্রেট-এর নামানুসারে। বর্তমানে বিশ্বের ৮০টি দেশে ২৩৪টি ইনস্টিটিউট চালু আছে।

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশন বিশ্বজুড়ে এর কার্যক্রম দেখভাল করে থাকে।