ব্র্যাক ইউনিভার্সিটিতে 'রিসার্চ ডে' উদযাপন
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানো, গবেষণার প্রচার এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে প্রথমবারের মত 'রিসার্চ ডে ২০২২' উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
রোববার দিনব্যাপী এ অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ ক্যাফে, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্রপূর্ণ ও বহুমুখী গবেষণা কর্ম প্রদর্শন করেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির রিসার্চ ডে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) অধ্যাপক চারালবস ডৌমানিডিস। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির নেওয়া গবেষণা উদ্যোগ সম্পর্কেও আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্যকে বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পেরই এক প্রতিচ্ছবি মন্তব্য করে তিনি বলেন, “রিসার্চ ডে বাংলাদেশের উচ্চ শিক্ষার জন্য একটি অনুকরণীয় এবং সময়োচিত উদ্যোগ। ব্র্যাক ইউনিভার্সিটির কাছ থেকে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আরো গবেষণা প্রত্যাশা করি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং বলেন, “গবেষণাই বাংলাদেশের উচ্চশিক্ষার পরবর্তী অগ্রদূত। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হল নতুন জ্ঞান সৃষ্টি করা এবং সেটার জন্য গবেষণা অত্যাবশ্যকীয়।”
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব ফার্মেসির অ্যাসিসটেন্ট ডিন এবং প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক হাসিনা ইয়াসমিন।
