১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে মঙ্গলবার শুরু হচ্ছে নন-ফিকশন বই মেলা, দেওয়া হবে সম্মাননা

আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

ঢাবিতে মঙ্গলবার শুরু হচ্ছে নন-ফিকশন বই মেলা, দেওয়া হবে সম্মাননা

নন-ফিকশন বইমেলার সপ্তম আসরের বিস্তারিত রোববার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 04:16 PM

Updated : 24 Dec 2023, 04:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। 

আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। 

এ বছর প্রথমবারের মতো ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেলেএ বছরের দুটি বই নির্বাচিত করবেন। মেলার সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হবে। 

বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ মেলা আয়োজন করছে। 

রোববার ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে মেলার এই তথ্য তুলে ধরা হয়। 

২৬ ডিসেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। 

২৮ ডিসেম্বর বেলা ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। 

“নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।” 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সর্বমোট ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। 

এগুলো হল- অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জার্নিম্যান বুকস, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, তাম্রলিপি, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, রকমারি, শ্রাবণ প্রকাশনী, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ। 

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফেল ড্রর আয়োজন। র‍্যাফেল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার। 

বইমেলা আয়োজন প্রসঙ্গে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, এই নন ফিকশন বইমেলা শিক্ষার্থীদের দারুণভাবে আকর্ষণ করে। এই মেলা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বাড়তি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

“এই স্মার্ট যুগে, অনলাইনের যুগে বই পড়ার আগ্রহ যেখানে কমছে সেখানে এই নন ফিকশন বইমেলা অসাধারণ একটি আয়োজন বলে মনে করি। এই সময়ে বইমেলাকে প্রমোট করা এমনকি নন ফিকশন বইমেলাকে প্রমোট করাটা সত্যিই প্রশংসার দাবি রাখে।” 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বণিক বার্তার যুগ্ন বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, হেড অব বিজনেস মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।