শিনজো আবের স্মরণে ঢাবিতে শোকসভা
“বিশ্ববাসীর প্রিয় এই নেতা আততায়ীর হাতে নিহত হওয়ায় বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল শোকসভা।
বৃহস্পতিবার দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের দুইদিন আগে গত ৮ জুলাই নারা শহরে এক নির্বাচনী সভায় বক্তৃতার দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারপ্রধান ছিলেন তিনি।
সেই আবের মৃত্যু জাপানিদের নাড়া দিয়েছে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সম্রাট হিরোহিতোকে হারানোর মতই। ১৯৮৯ সালে হিরোহিতোর মৃত্যুর পর এতটা গভীর শোক প্রকাশ করতে দেখা যায় জাপানিদের।
শোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপান তথা বিশ্ববাসীর প্রিয় এই নেতা আততায়ীর হাতে নিহত হওয়ায় বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একাধিকবার সাক্ষাৎ ও পারস্পরিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।”
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন।”
শিনজো আবের স্মরণে শোকসভা আয়োজন করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “তিনি শুধু জাপানের জনপ্রিয় নেতাই নন বরং বিশ্বসম্প্রদায়ের কাছে এক নির্ভরশীল ব্যক্তিত্ব ছিলেন।
“১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং শিনজো আবের বাংলাদেশ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে।”
জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন বক্তব্য দেন।
শিনজো আবের শোকসভা থেকে বেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের মর্টার শেল ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের এখানে এসেছে স্ট্রে, হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের (মিয়ানমার) জিজ্ঞেসও করেছি। আগামীতে তারা আরও সতর্ক হবে।”
গত ২৮ আগস্ট বেলা আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে।
