গবেষণা শেষে বিদেশে থেকে যাওয়া কাম্য নয়: অধ্যাপক আলমগীর
“আকর্ষণীয় বেতন কাঠামো ছাড়া পিএইচডি ডিগ্রিধারী মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ পাচ্ছেন না,” বলেন তিনি।
বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনে নবীন শিক্ষকদের নিরূৎসাহিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেছেন, দেশের আর্থ-সামাজিক সমস্যা নিয়ে গবেষণার বিশাল সুযোগ রয়েছে।
শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণার জন্য বিদেশে যাওয়া এবং সেখানে ডিগ্রি শেষে থেকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।
অধ্যাপক আলমগীর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্ৰিধারীদের অগ্ৰাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, আকর্ষণীয় বেতন কাঠামো ছাড়া পিএইচডি ডিগ্রিধারী মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ পাচ্ছেন না। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল প্রয়োজন।
বিশ্ব র্যাংকিংয়ে সম্মানজনক স্থান পেতে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
