ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘স্কুল অব ফার্মাসি’ চালু
শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিভাগের উদ্বোধন করেন।
দেশের ওষুধ খাতে দক্ষ জনবলের যোগান দিতে ব্র্যাক ইউনিভার্সিটি ‘স্কুল অব ফার্মাসি’ চালু করেছে।
শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে এ বিভাগের উদ্বোধন করেন।
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এ অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং ব্র্যাকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা হাসান আবেদ বক্তব্য রাখেন।
ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্টার ডেভ ডাউল্যান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব ফার্মাসির ডিন অধ্যাপক ইভা রহমান কবির বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষামন্ত্রী বলেন, “কোভিড ১৯ মহামারীর সময় আমাদের উন্নত ওষুধ শিল্পখাতের অভাব অনুভূত হয়েছে। তবে সরকারও দেশের ওষুধ খাতের উন্নয়নে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্ক নির্মাণ করছে।“
ওই পার্কের মাধ্যমে এ খাতের ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করেন তিনি।
উপাচার্য বলেন, “একটা দেশ কোন সময় কোথায় যেতে চায় তার একটা টার্গেট থাকে। বাংলাদেশের টার্গেট ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়া। কিন্তু বাংলাদেশের লক্ষ্য পূরণ করতে হলে কোন খাতে কিসের প্রয়োজন হবে এটা কি বাংলাদেশ ঠিক করেছে?
“একটা উন্নত দেশ হতে হলে সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে। যেমন- উন্নত দেশের জন্য উন্নত ও মানসম্পন্ন ওষুধ তৈরি করা অপরিহার্য বিষয়।“
এসময় তিনি চীন ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, এখন থেকে ৩০ বছর আগে কোরিয়া এবং ২৭ বছর আগে চীন আজকের বাংলাদেশের অবস্থানে ছিল। দেশ দুটি খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছে।
তার মতে, এই পর্যায়ের একটি দেশের জন্য প্রযুক্তি এবং মূলধন খুব বেশি সমস্যা হয় না। কিন্তু দক্ষ এবং বিশ্বমানের নিজস্ব লোকবল সবচেয়ে বেশি প্রয়োজন। এরকম অভিজ্ঞ লোকবল থাকলে সংশ্লিষ্ট খাত এগিয়ে নেওয়া মাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
দেশের সকল ক্ষেত্রে মানসম্পন্ন ও দক্ষ জনবল গড়ে তুলতে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে ভিনসেন্ট চ্যাং বলেন, “বাংলাদেশে ওষুধ তৈরি খাতে বিশ্বমানের লোকবল গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অব ফার্মাসি‘র উদ্বোধন করছি।”
