২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রিকশাচালক পরিচয় দেওয়া যুবককে ‘ছাত্রলীগ সন্দেহে’ মারধর করে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে রিকশাচালক পরিচয় দেওয়া ওই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 06:57 PM

Updated : 20 Sep 2026, 06:57 PM

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পথচারী এক যুবককে খুঁটিতে বেঁধে মারধর করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রোববার দুপুরে ওই যুবককে ধাওয়া দিয়ে ধরে ছাত্রদল নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এটা শুনে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে আটক করে খুঁটিতে বেঁধে মারধর করেন। পরে তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেলের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা ওই যুবককে ধরে নিয়ে আসে। তারপর হিমেল ছেলেটির চুল ধরে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছের একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন। এ সময় ছেলেটি বারবার নিজেকে নির্দোষ দাবি করে কান্নাকাটি করছিলেন।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এ সময় হিমেলের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে জবি ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সে আমাদের কাছেই আছে।

“তার নাম মনির। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। নিজেকে সে রিকশাচালক হিসেবে পরিচয় দিচ্ছে। আমরা যাচাই করছি। তার এলাকায় খোঁজ নিচ্ছি। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”