Published : 15 Feb 2024, 07:44 PM
রাতে ধাওয়াধাওয়ির পর বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষ বিজয় ও সিক্সটি নাইন।
বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ৮ জনের আহত হওয়ার খবর মিলেছে।
আগের রেষারেষির জেরে বুধবার রাতে বগিভিত্তিক দুই পক্ষ বিজয় ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি বাধে।
একপর্যায়ে বিজয় অনুসারীরা তাদের নিয়ন্ত্রণে থাকা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। তার পাল্টায় সিক্সটি নাইন অনুসার তাদের নিয়ন্ত্রণে থাকা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়।
তখন দুপক্ষের মধ্যে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে। এসময় প্রক্টরিয়াল বডি পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বৃহস্পতিবার দুপুরে বিজয় গ্রুপের কর্মীকে কামরুলকে মারধর করে সিক্সটি নাইনের কর্মীরা। এ নিয়ে দুই হলের মাঝখানের রাস্তায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
ঘটনার বিষয়ে বিজয় গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিক্সটি নাইন ইচ্ছা করেই ঝামেলা করছে। রাতে আলোচনার মাধ্যমে ঝামেলা শেষ করার পরেও তারা আজ আবার আমাদের এক কর্মীকে মারধর করেছে।”
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদ বলেন, “জুনিয়রদের বাকবিতণ্ডা থেকে গন্ডগোল হয়েছিল। কিন্তু বিজয় গ্রুপের কর্মীরাই বারবার উসকানি দিয়েছে।”
সহকারী প্রক্টর নাজেমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাচমেটদের মধ্যে ঝামেলা থেকে গন্ডগোল শুরু হয়েছিল। আমরা পুলিশ নিয়ে এসে তাদের হলে ঢুকিয়ে দিয়েছে।
“এখন পরিস্থিতি স্থিতিশীল আছে। দুই গ্রুপের ৭-৮ জনের মতো আহত হয়েছিল, তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।”
ছাত্রলীগের বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে এবং সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।