২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলা বাড়ার সঙ্গে ভোটারের চাপ বাড়ছে ঢাবির ৩ কেন্দ্রে

ল্যাবরেটরি স্কুল সংলগ্ন কেন্দ্রে দুপুর পর্যন্ত ৩০ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দেন প্রিজাইডিং কর্মকর্তা আশিষ কুমার সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়ছে। 

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্র পরিদর্শন করে এমন চিত্র পাওয়া গেছে। 

প্রতিটি কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে, তবে সকালের দিকে উপস্থিতি ছিল তুলনামূলক কম। 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ কেউ ৩০ থেকে ৪৫ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল সংলগ্ন একটি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯২৫ জন।

দুপুর পর্যন্ত সেখানে পর্যন্ত ৩০ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দেন প্রিজাইডিং কর্মকর্তা আশিষ কুমার সরকার।

তিনি বলেন, “সকালে ভোটারের চাপ ছিল না। এখন প্রায় দ্বিগুণ। আমরাও চেষ্টা করছি দ্রুততার সঙ্গে ভোট নিতে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো পড়েছে ঢাকা-৮ আসনে। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার বিরুদ্ধে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।