২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নিয়ে তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ

কমিটি গঠনের কারণ হিসেবে এতে ”উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্য” এর কথা বলা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 02:09 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসে বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় এক নেতার নাম আসা এবং কমিটির অনিয়ম ও দুর্নীতিতে জড়ানোর বিভিন্ন খবর প্রকাশের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়।

কমিটি গঠনের কারণ হিসেবে এতে ”উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্য” এর কথা বলা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিন রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি ছাত্রলীগের ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ”কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

এ বিষয়ে ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুজিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে বলেন, “ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, দুজনকে তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দপ্তর সেলে জমা পড়লে বিস্তারিত বলতে পারব।'

তদন্ত কমিটি কী অভিযোগের বিষয়ে তদন্ত করবে সে বিষয়ে কিছু বলত চাননি তিনি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

২০২২ সালের ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এসএম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে জবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। 

এরপর থেকে কমিটির এ দুই শীর্ষ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। 

এর আগেও কমিটি ঘোষণার ছয় মাসের মাথায় বিভিন্ন অভিযোগে শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছিল।