১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে সারাদেশে ‘রেল যোগাযোগ বন্ধের’ হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মাধ্যমে আমাদের এই যাতায়াত সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন করা হোক।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন শাটলের রেলের অনিয়ম-অব্যবস্থাপনা নিরসন এবং নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ভয়েস অব স্টুডেন্টস’ নামের একটি সংগঠন।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে দরকার, শাটলের সংস্কার’, ‘ছাত্র মরে গরমে— প্রশাসন থাকে এসিতে’, ‘মূলা না, সংস্কার— সংস্কার, সংস্কার’সহ বিভিন্ন স্লোগান দেয়।

এ সয় রেলওয়ে প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সোমবার হতে চলা বৈঠকে সন্তোষজনক ফলাফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

কর্মসূচিতে সংগঠনের সভাপতি আশিকুর রহমান বলেন, শাটল ট্রেন নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি। 

তিনি বলেন, “রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: উলফাতুর রহমান রাকিব বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমাদের যে মৌলিক অধিকারগুলো পাওয়ার কথা ছিল তার কোনটাই আমরা পাইনা। খাদ্য, বাসস্থান এবং যাতায়াত সবকিছুর সমস্যা থাকলেও বর্তমান আমাদের যে যাতায়াতের সমস্যাটি প্রখর রূপ ধারণ করেছে তা আর আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।

“সুতরাং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মাধ্যমে আমাদের এই যাতায়াত সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন করা হোক।”