ঢাবি অধ্যাপক সা’দ উদ্দীনের মৃত্যুতে উপাচার্যের শোক
“দেশের শিক্ষা-গবেষণায় অসাধারণ অবদানের জন্য সা’দ উদ্দীন স্মরণীয় হয়ে থাকবেন,” বলেন উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম সা’দ উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
শুক্রবার এক শোকবার্তায় সা’দ উদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান অধ্যাপক সা’দ উদ্দীন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শোকবার্তায় উপাচার্য বলেন, “অধ্যাপক সা’দ উদ্দীন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা-গবেষণায় অসাধারণ অবদানের জন্য
তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”
