২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮৪০ কোটি টাকার প্রকল্পে ‘বঞ্চনার অবসান ঘটবে’, আশা ঢাবি কর্তৃপক্ষের

“এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮ শতাংশ 'স্পেস' বাড়বে। এ বিশ্ববিদ্যালয় শুধু সবুজ নয়, একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

অবকাঠামো উন্নয়নের জন্য একনেক থেকে ২ হাজার ৮৪০ কোটি টাকার যে বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে শতবর্ষী এ শিক্ষায়তনের চেহারা পাল্টে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।  

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান, জাতিকে যার একাডেমিক দিক থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু বিগত সময়ে আমাদেরকে সে সুযোগ দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে। আমরা আশা করি এবার সে বঞ্চনার অবসান ঘটবে।”

গত রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ অনুমোদন করা হয়। ২ হাজার ৮৪০ কোটি টাকার এ প্রকল্প ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে ছয়টি একাডেমিক ভবন, ২ হাজার ৬০০ ছাত্রের জন্য চারটি আবাসিক হল এবং ৫ হাজার ১০০ ছাত্রীর জন্য পাঁচটি আবাসিক হল নির্মাণ করা হবে। 

পাশাপাশি শিক্ষকদের জন্য দুটি ও কর্মকর্তাদের জন্য আরও দুটি আবাসিক ভবন এবং পাঁচটি প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নানা দিক তুলে ধরেন অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এ প্রকল্পের আওতোয় জলাধার এবং সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিদ্যমান সার্ভিস লাইন মেরামত এবং একটি খেলার মাঠ উন্নয়ন করা হবে। 

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজায়নের জন্য ৬ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর। 

তিনি বলেন, “এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮ শতাংশ 'স্পেস' বাড়বে। এ বিশ্ববিদ্যালয় শুধু সবুজ নয়, একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে।” 

বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “এই টাকাটি জনগণের করের টাকা। এ টাকা যতটুকু কার্যকরভাবে ব্যয় করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করি। এই টাকা শুধুমাত্র যে অবকাঠামোতে ব্যয় হবে এমন না। অবকাঠামোর কাজতো অবশ্যই, এটি একাডেমিক পরিবেশকে দৃঢ় করবে।” 

তিনি বলেন, “আমাদের বর্তমানে মাত্র ৪০ শতাংশ আবাসন আছে। এটা বাস্তবায়ন হলে আরও ১৮ শতাংশ যোগ হবে। তারপরও আমাদের সংকট থেকে যাবে। এটা বাস্তবায়িত হলে আমরা আবার প্রস্তাব জানাব।

যা যা হবে

এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণের অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম ও উত্তর পাশে অবস্থিত ভবন ভেঙে একটি ১২ তলা এবং একটি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। 

আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য বর্তমান আইএসআরটি ভবন ভেঙে এবং মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন ও আইএসআরটি ভবনের মধ্যবর্তী খালি জায়গায় একটি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। 

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নিজস্ব খালি জায়গায় একটি ৩ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

চারুকলা অনুষদের অধীন ক্রাফট, স্কাল্পচার, গ্রাফিকস, সিরামিকস, ইতিহাস ভবন ও থিওরেটিক্যাল শিক্ষক লাউঞ্জ ভেঙে সেখানে একটি ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। 

বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ১ তলা ভবন ভেঙে সেখানে একটি ১০তলা ‘বীর উত্তম শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁঞা এমবিএ টাওয়ার’ নির্মিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রেস বিল্ডিং ও টিনশেডের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে যথাক্রমে ১১ তলা ও ৫ তলা দুটি ব্লকে প্রেস কাম একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

ছাত্রদের আবাসিক সংকট দূর করার লক্ষ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেড ভবন ভেঙে সেখানে ১ হাজার ৩০০ শিক্ষার্থীর জন্য ১২ তলা ও ৮ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। 

মাস্টার দা সূর্যসেন হলের উত্তর অংশ ভেঙে তাতে ১১০০ শিক্ষার্থীর জন্য ১১ তলা একটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। 

ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল প্রাঙ্গণের শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন ও ক্যাফেটেরিয়া ভেঙে সেখানে হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য ১৫ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন। 

হাজী মুহম্মদ মুহসীন হলের টিনশেড ও একতলা মূল ভবন ভেঙে সেখানে ১ হাজার শিক্ষার্থীর জন্য ১২ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। 

ড. কুদরাত-ই-খুদা হলের বর্তমান বাংলো ভেঙে সেখানে ৫০০ শিক্ষার্থীর জন্য ১০ তলা, ৮ তলা ও ৫ তলা তিনটি সম্প্রসারণ ভবন নির্মাণের কথা বরা হয়েছে প্রকল্প পরিকল্পনায়।

ছাত্রীদের আবাসিক সংকট দূর করার জন্য শাহনেওয়াজ হোস্টেল ভেঙে আনুষঙ্গিক সুবিধাসহ ১ হাজার ছাত্রীর জন্য একটি ১৫তলা ছাত্রী হল নির্মাণ করা হবে। 

শামসুন নাহার হলের ভেতরে বিদ্যমান হাউস টিউটর কোয়ার্টার ও গ্যারেজ ভেঙে ৬০০ ছাত্রীর জন্য ১০ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন করা হবে।

লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের বিদ্যমান স্টাফ কোয়ার্টার ‘বি’ ও ‘ডি’ ভবন ভেঙে সেখানে হবে ৫০০ ছাত্রীর জন্য ১১তলা ও ৮তলা দুটি ছাত্রী হল। 

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভেতরে প্রভোস্ট বাংলো, হাউস টিউটর কোয়ার্টার ও ৩ তলা সিকদার মনোয়ারা ভবন ভেঙে ৫০০ ছাত্রীর জন্য ১০ তলা সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। 

প্রতিটি হলে আবাসিক শিক্ষকদের জন্য একটি করে ২০টি ফ্ল্যাটসহ ১১তলা শিক্ষক কোয়ার্টারও নির্মাণ করা হবে।

এছাড়া মাস্টার দা সূর্যসেন হল এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের বর্তমান প্রভোস্ট বাংলো ভেঙে সেখানে একটি ২ তলা উপ-উপাচার্যের বাংলো হবে। 

দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকার ১২ ও ১৩ নম্বর ভবন ভেঙে সেখানে শিক্ষকদের জন্য ১৫ তলার (মোট ১১২টি ফ্ল্যাট) একটি আবাসিক ভবন করা হবে।

পুরনো ডাকসু ভবন ভেঙে সেখানে ১২তলা মাল্টিপারপাস ডাকসু ভবন নির্মাণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর-পশ্চিম অংশ ভেঙে সেখানে ২০তলা ভবন এবং দক্ষিণ-পূর্ব অংশ ভেঙে সেখানে ৪ তলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি জিমনেসিয়ামের জন্য প্রি-ইঞ্জিনিয়ারড ভবনের অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার জন্য গ্যালারি, খেলার মাঠ, বাস পার্কিং ও পরিচালকের অফিসসহ খেলোয়াড়দের ডরমিটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

মূল খেলার মাঠের আয়তন ১০ হাজার ৯০০ বর্গমিটার, গ্যালারি ২ হাজার ৪০ বর্গমিটার, বাস পার্কিং ২ হাজার ৯০০ বর্গমিটার এবং পরিচালকের অফিস ও ডরমিটরি মিলিয়ে ৪ হাজার ৩২ বর্গমিটার আয়তনের স্থাপনা নির্মাণের কথা বলা হয়েছে প্রকল্পে। 

বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনগুলো ভেঙে সেখানে ৬ তলা শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ভবন নির্মাণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের ১ তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে সেখানে ৪ তলা মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। 

এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। রোড নেটওয়ার্ক ও সার্ভিস লাইন স্থাপন, ২৪ হাজার ৮২০ মিটার দীর্ঘ ড্রেনেজ সিস্টেম নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার (ওয়েস্ট বিনসহ) ব্যবস্থা নেওয়া হবে।