২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ

“বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনায় বারবার ডাকসু সংস্কার ও নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল।“

বিডিনিউজ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়ে ছাত্রদলের অবস্থান নিয়ে ‘অপ্রচার চালানো হয়েছে’ বলে দাবি করেছে বিএনপি সমর্থক সংগঠনটি। 

এক বিবৃতিতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা বলেছে, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত সিন্ডিকেট সদস্যদের অংশগ্রহণ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানানোর পর থেকে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় আওয়ামী লীগপন্থি তিন সিন্ডিকেট সদস্যের যোগ দেওয়ার খবরে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। পরে ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে হাজির হন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীরা সিন্ডিকেটে আওয়ামী লীগপন্থিদের অংশগ্রহণের বিরোধিতা করেন এবং দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানান।

ডাকসুকে ‘প্রাণের দাবি’ বণর্না করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনায় বারবার ডাকসু সংস্কার ও নির্বাচনের দাবি জানিয়ে এসেছেন তারা। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার কথাও জানিয়েছে ছাত্রদল। 

“এরপরেও ‘ছাত্রদল ডাকসু চায় না’, ‘ছাত্রদল ডাকসু দেরিতে হোক’- এরকম বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া শিরোনামে সংবাদ প্রচার করা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হীন একটি চক্রান্তের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।”

ডাকসুর বিষয়ে ছাত্রদলের অবস্থান নিয়ে কাউকে বিভ্রান্ত না হতে এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারে আহ্বান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা। 

এছাড়া এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক ছাড়া অন্য কারও মৌখিক বা লিখিত বক্তব্যকে সংগঠনের বক্তব্য হিসেবে গ্রাহ্য ও প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে ছাত্রদল।  

আরও পড়ুন:

ঢাবি সিন্ডিকেট সভায় 'আওয়ামিপন্থি' শিক্ষক ও ডাকসু নিয়ে প্রতিবাদ, হট্টগোল