জাবিতে চারুকলা বিভাগের প্রদর্শনী 'দৃশ্যকল্প'
এতে ২০টি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ১৩ শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে আয়োজন করেছে ‘দৃশ্যকল্প’ শীর্ষক প্রদর্শনী।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সোমবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
চারুকলা বিভাগের ৫৩তম আবর্তন হিসেবে এ প্রদর্শনী আয়োজনের কথা তুলে ধরেন আয়োজকদের পক্ষে সেমন্তী রোদসী।
তিনি বলেন, প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের পারিপার্শ্বিক ঘটনাবলী ও তাদের কল্পজগতে চিন্তাধারার সমন্বিত রূপ 'দৃশ্যকল্প'।
প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন মো. মোজাম্মেল হক, চারুকলা বিভাগের চেয়ারম্যান মো. শামীম রেজা, তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক মো. কামরুল হকসহ চারুকলার শিক্ষকরা।
