ইবিতে সংগঠকের ওপর হামলার প্রতিবাদ উদীচীর
যথাযথ বিচার না হলে সারাদেশের উদীচী কর্মীরা রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক পপি আক্তারের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচীর কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার সাংস্কৃতিক সংগঠনটির প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “উদীচীর মতো একটি ঐতিহ্যবাহী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়কের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বিবৃতিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের নবাগত ছাত্রী সৈয়দা সায়মা রহমান সিট বণ্টন নিয়ে সমস্যা তৈরি করলে তাকে বোঝাতে যান হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষার্থী পপি আক্তার। এর পরদিন সায়মা তার বন্ধু ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান হাফিজের সহায়তা নিয়ে পপি আক্তারকে হেনস্তা ও মারধর করেন। এ সময় পপির সঙ্গে থাকা বন্ধু পথিককেও মারধর করেন তারা।
এর প্রতিবাদে বৃহস্পতিবারই রাত পর্যন্ত হলের গেটে অবস্থান নিয়ে অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ ছাত্রীরা। পরে শুক্রবার সকালে প্রশাসন দু'পক্ষের বক্তব্য শুনে দুদিনের মধ্যে সায়মাকে হল ছাড়ার নির্দেশ দেয় এবং মেহেদী হাসান হাফিজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
তবে এরপর থেকেই উদীচীর আহ্বায়ক পপির বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীরা নানা ধরনের অপপ্রচার ও কুৎসা রটানো শুরু করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উদীচী সংগঠক পপি আক্তারের উপর ঘটা ন্যক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে ক্ষমতার দম্ভে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এমন ঘটনা আরও ঘটতে পারে।
প্রশাসনের নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত কার্যকরের দাবি জানিয়ে অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে বলেন, এ ঘটনার যথাযথ বিচার না হলে প্রয়োজনে সারাদেশের উদীচী কর্মীরা রাজপথে নেমে আসবে।
