১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে ক্যান্সার সচেতনতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচারাভিযান

“রক্তদানের মতো চুল দানও সমাজে ক্যান্সার সচেতনতা বাড়ায় এবং বিনামূল্যে উইগ রোগীদের আত্মবিশ্বাস ফিরে এনে লড়াই করার সাহস জোগায়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 09:23 AM

Updated : 26 Aug 2026, 02:52 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ প্রচারাভিযান চালিয়েছে সেবাধর্মী সংগঠন বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্ট-বিএইচডিসিপি এবং প্রশান্তি।

বিশ্ব ক্যান্সার দিবসে উপলক্ষে বুধবার বাংলা বিভাগে এ প্রচারাভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রচারাভিযানে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান মান্নু ক্যান্সারের সঙ্গে তার সহধর্মিণীর লড়াইয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ক্যান্সার রোগীদের জন্য মানসিক সমর্থনের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএইচডিসিপির প্রতিষ্ঠাতা সভাপতি সীমান্ত মিত্র বলেন, “আমরা ক্যান্সার সচেতনতা এবং ক্যানসার রোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। হেয়ার ডোনেশনের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে একজন শিক্ষার্থী বা যে কোনো বয়সের মানুষ টাকা-পয়সা ছাড়াই মানবিকভাবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারেন।

“রক্তদানের মতো চুল দানও সমাজে ক্যান্সার সচেতনতা বাড়ায় এবং বিনামূল্যে উইগ রোগীদের আত্মবিশ্বাস ফিরে এনে লড়াই করার সাহস জোগায়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএইচডিসিপি ইতোমধ্যে ২০ জন ক্যান্সার রোগীকে পরচুলা দিয়েছে এবং চলতি বছর ১০০ জন ক্যান্সার রোগীকে পরচুলা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে।

প্রচারাভিযানের মূল সেশন পরিচালনা করেন প্রশান্তির প্রতিষ্ঠাতা সায়মা শাফিজ সুমি। এ প্রচারাভিযানে আরও অংশ নেন ভাটাক্স হেয়ারের চেয়ারম্যান মিলন মাহবুব, বিএইচডিসিপির অ্যাম্বাসেডর নূর হাসান জারা, শেখ সাদমান সাকিবসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।