Published : 24 Nov 2025, 07:15 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের লাগোয়া একটি দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুন নিভেছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগে, যা ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর পেয়ে পলাশী ও সিদ্দীকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ওই হলে যায়। হলের ভবনের পাশে একটি টিনশেড রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে এ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস কর্মীদের ১০ মিনিটের চেষ্টাতে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার পর বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের একটি ভবনের সঙ্গে লাগোয়া দুটি দোকানের একটির রান্নাঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ভূমিকম্পের পর সতকর্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে অলিখিতভাবে শিক্ষার্থীদের হল ছাড়তে আরও একদিন সময় বাড়ানো হয়। বর্ধিত সেই সময় শেখ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে আগুনের ঘটনা ঘটে। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের কেউ কেউ এখনও হলে রয়েছেন।
বিজয় একাত্তর হলের প্রভোস্ট আ. স. ম. আলী রেজা বলেন, সিলিন্ডারের গ্যাসের লাইন একটা থেকে আরেকটাতে বদলাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত হতাহতের ঘটনা হয়নি। দোকানদারের কিছু রান্নার সামগ্রী পুড়ে গেছে। আশপাশে যারা ছিলেন এবং ফায়ার সার্ভিস দ্রুত আসার ফলে এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে।