সিআইইউতে হয়ে গেল রোবট অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব
স্কুল-কলেজের ১৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলার বিভিন্ন স্কুল-কলেজের ১৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিআইইউ জানিয়েছে, রোবো মিশন, ফিউচার ইনোভেটরস, ফিউচার ইঞ্জিনিয়ার্স ও রোবো স্পোর্টস এ চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে ফিউচার ইনোভেটরসে (সিনিয়র বিভাগ) মাভেরিক নেক্সাস ও নেরিটিক নেক্সাস এবং ফিউচার ইনোভেটরসের জুনিয়র বিভাগে দ্য ইনোভেটরস ও জিইডিএ ২০২৫ এবং রোবো মিশন (জুনিয়র বিভাগ) বিভাগে রোবো সল্ভার বিজয়ী হয়।
সিআইইউ উপাচার্য এম এম নুরুল আবসার বলেন, “এই প্রতিযোগিতা শুধু একটি আয়োজন নয়, বরং আমাদের তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আগ্রহী করে তোলার এক অনন্য উদ্যোগ।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।
এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সিআইইউ উপাচার্য এম এম নুরুল আবসার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এসএসই) ডিন অধ্যাপক আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাজ্জাতুল ইসলাম।
