২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের আগে ‘অবরুদ্ধ’ বুয়েট ভিসি, কর্মচারীরা দিলেন ‘ভুয়া’ স্লোগান

রাত সোয়া ৯টার দিকে উপাচার্য তার কার্যালয় থেকে বেরিয়ে আসেন।

বিদায়ের আগে ‘অবরুদ্ধ’ বুয়েট ভিসি, কর্মচারীরা দিলেন ‘ভুয়া’ স্লোগান
বুয়েটের এম এ রশীদ প্রশাসনিক ভবনে উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরর‌্য

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 11:05 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের শেষ কর্মদিবসের আগের দিন তার কার্যালয়ে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর‌্যন্ত ‘পদোন্নতি নীতিমালা ২০১৫’ বাতিল করার প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী।

পরে বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর রাত সোয়া ৯টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনে তার কার্যালয় থেকে বেরিয়ে আসেন।

এ সময় কর্মকর্তা ও কর্মচারীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে  স্লোগান দেন। পরে পুলিশের সহায়তায় উপাচার্য তার বাসভবনে চলে যান।

উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলেও তাতে রাজি হননি তিনি।

আন্দোলনের বিষয়ে বুয়েটের সিনিয়র অ্যাসিসটেন্ট লাইব্রেরিয়ান ইসমাইল হোসেন বলেন, “আমরা যাতে কিছু করতে না পারি তাই এত দিন নীতিমালা বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল। আমরা নীতিমালা বহাল চাই। এ দাবিতে উপচার্যকে অবরুদ্ধ করা হয়েছে।”

রাত সাড়ে ৮টার দিকে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে বের হয়ে প্রতিনিধি দলের সদস্য বুয়েট টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, “উপাচার্য স্যার নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত ২০১৫ নীতিমালা বহাল রাখতে রাজি হয়েছেন। এটা আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করতে সুপারিশ করে লিখিত দিয়েছেন। তাই আমরা বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করছি। এরপরের কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”

কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা হলে তারা বলেন, মঙ্গলবার বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে রোববার বুয়েট কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি-সংক্রান্ত নীতিমালা ২০১৫ বাতিল করে একটি অফিস আদেশ জারি করে।

২০২৩ সালের ২৭ ডিসেম্বর সিন্ডিকেটের ৫৪০তম সভায় সিদ্ধান্ত হয়, নীতিমালা ২০১৫ এর আলোকে এ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি, পদোন্নয়ন, সিলেকশন গ্রেড, সিনিয়র গ্রেড স্কেল প্রাপ্যতার জন্য বিবেচিত হবেন।