Published : 30 Mar 2026, 11:46 PM
ফিলিং স্টেশনে বাইকের তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চাকসু নেতারা জানিয়েছেন।
এ ঘটনার পর রফিকুল ইসলাম নামে একজনকে প্রধান আসামি করে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে বলে চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তাওহীদ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের কর্মকর্তা সায়েদুর ইফাজ বলেন, “আহত অবস্থায় আনার পর রোগীর চোখের ওপর গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়া যায়। মাথায় মারাত্মক আঘাত থাকায় সিটি স্ক্যানের প্রয়োজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, বাইকের তেল আনতে গেলে হাটহাজারীর স্থানীয় কিছু যুবক তাকে আক্রমণ করেন। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। পরে তার সহপাঠীরা গিয়ে তাকে উদ্ধার করেন।
মারধরের কারণ জানতে চাইলে মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আমার এলাকার ছোট ভাই গুরুতর আহত হয়। হাটহাজারীর এক বহিরাগত মোটরসাইকেল আরোহী পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ এবং চাকসু প্রতিনিধির উপস্থিতিতে মেডিকেল সেন্টারে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়।
“বহিরাগতদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আমার ধারণা সেই জরিমানার ক্ষোভ থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ওই সমঝোতা বৈঠকেও উপস্থিত ছিল।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “আমরা বিষয়টি জেনেছি। আহত চাকসু প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি।”
প্রক্টর বলেন, “উপাচার্য মহোদয় পুরো বিষয়টি তদারকি করছেন। আহত শিক্ষার্থীর অভিযোগ সাপেক্ষে থানায় অভিযোগ করা হয়েছে।”