১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমআইএসটিতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

এতে বাংলাদেশসহ ১০ দেশের বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন।

এমআইএসটিতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 06:52 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার ‘ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিইইআইসিটি) ২০২৪’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। আইইইই সভাপতি ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকের অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সাইফুর রহমান এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন।

সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, অপ্টো-ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস অ্যান্ড ন্যানো টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই  অ্যান্ড সার্কিটস, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগেশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী ও গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরি হবে, যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। ডিজিটাল বাংলাদেশ গঠনেও বিশেষ অবদান রাখবে এ সম্মেলন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আগামী শনিবার এমআইএসটিতে অনুষ্ঠিত হবে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন।