Published : 05 Sep 2025, 05:45 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাত বাম সংগঠন সমর্থিত প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ প্রকাশ করেছে প্রতিরোধের গান ‘এই মিছিলে তুমিও ছিলে’।
বৃহস্পতিবার রাতে ফেইসবুকে গানটি প্রকাশ করে প্রতিরোধ পর্ষদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারিয়া মতিন ইলা লেখেন, “আমাদের গান। প্রতিরোধের গান৷”
প্রতিরোধ পর্ষদের ফেইসবুক পেইজেও গানটি প্রকাশ করা হয়। এছাড়া সমমনা অনেকেই গানটি শেয়ার করে নানা রকম মন্তব্যও করেছেন।
কথা, সুর এবং সার্বিক তত্ত্বাবধানে তুহিন কান্তি দাস এবং সংগীতায়োজন করেছেন লালন মাহমুদ। কণ্ঠ দিয়েছেন অনিন্দ্য বিশ্বাস, সূর্য পলাশ, শাহনেওয়াজ ইসলাম ও ফারিয়া মতিন ইলা।
তুহিন কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গানের র্যাপ অংশটা সৈকত আমিন লিখেছেন। আর আমি এবং ছোট ভাই অনিন্দ্য ঠিকঠাক করছি৷ মূলত ডাকসু নির্বাচনকে ঘিরেই গানটি করা হয়েছে।”
গানটির কথায় রয়েছে-বায়ান্ন থেকে একাত্তরের দ্রোহ এবং আসছে ফাগুনে দ্বিগুণ হওয়ার প্রত্যয়।
“তুমি যদি হেরে যাও হেরে যাবে ইতিহাস/ বুকের বা পাশে রাখা স্বপ্নের ক্যানভাস/ অথবা একটা গান, পরিচিত ক্যাম্পাস/দেয়ালিকা জুড়ে লেখা সমতার আশ্বাস।”
গানের র্যাপ অংশে সমতল ও পাহাড়ে সমতার ঐক্য গড়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গুপ্ত রাজনীতিকে প্রতিরোধের কথাও আছে গানটিতে।
গানে গানে তুলে ধরা হয়েছে কিছু দাবিও। এর মধ্যে আছে- “লাইব্রেরি খোলা থাকবে সারারাত/ গবেষণায় ছাত্ররা গড়বে হাত/ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়/ ক্যান্টিনে সেই তারা যদি বাসী পচা খায়/ যাকে গড়ার কথা তার পেটেই পুষ্টি নাই/ বাজেটের এত টাকা প্রতি বছর কই যায়?
“নারী-পুরুষ চলবে সমানতালে/মোরাল পুলিশ নো মোর/ মব-টব দাদাগিরি চাঁদাবাজি ছেচ্ছড়ি/ ক্যাম্পাসে থাকবে না কোন টেরর।
‘প্রতিরোধেই আগুন, প্রতিরোধেই বিজয়’ মন্তব্য করে গানের কথায় বলা হয়- “প্রতিরোধ প্রতিরোধ সমতায় বিশ্বাস/ ভোট দিয়ে গড়ি চলো এক নতুন ইতিহাস।”