Published : 27 Nov 2025, 09:17 PM
সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে, যাতে উত্তীর্ণ হয়েছেন ৪০৪২ জন প্রার্থী৷
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান ফল প্রকাশের তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রার্থীরা ফল দেখতে পাবেন।
আগের দিন বুধবার রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করে ১৮০৭ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনকারী সংস্থাটি।
পিএসসি ওই ফল প্রকাশের কিছু আগে ৫০তম বিসিএসের আবেদন আহ্বান করে। আর বৃহস্পতিবার থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
ফল দেখুন এখানে
প্রায় দুই বছর আগে আবেদন আহ্বান করা ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ২৪ জুলাই শুরু হয়ে অগাস্ট পর্যন্ত চলে। ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত হয় পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।
আটটি বিভাগের মোট ১৮টি কেন্দ্রে আবশ্যিক বিষয়ের এবং ১০টি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশের পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যেটির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
চব্বিশের আন্দোলনে সরকার পতনের আগে ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সূচি ঠিক করা হয়েছিল। পরে তা স্থগিত করা হয়।
সরকার পরিবর্তনের পর ‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।
বিস্তারিত আসছে…