২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন ইউডব্লিউসি হংকংয়ের অধ্যক্ষ স্পেন্সার এ ফাউলার

এলপিসিইউডব্লিউসি হংকংয়ের একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রাক-বিশ্ববিদ্যালয় বোর্ডিং কলেজ, যারা বৈশ্বিক ‘ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ’ (ইউডব্লিউসি) নেটওয়ার্কের সদস্য।

ঢাকায় আসছেন ইউডব্লিউসি হংকংয়ের অধ্যক্ষ স্পেন্সার এ ফাউলার
স্পেন্সার এ ফাউলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

বাংলাদেশের শিক্ষা খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগ খতিয়ে দেখতে ঢাকা আসছেন হংকংয়ের লি পো চুন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের (এলপিসিইউডব্লিউসি) অধ্যক্ষ স্পেন্সার এ ফাউলার।

তার স্থানীয় প্রতিনিধির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দিনের সফরে রোববার রাতে ঢাকায় পৌঁছাবেন ড. ফাউলার।

এই সফরে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বর্তমানে কলেজটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবক এবং এলপিসিইউডব্লিউসির প্রক্তনীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এলপিসিইউডব্লিউসি হংকংয়ের একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রাক-বিশ্ববিদ্যালয় বোর্ডিং কলেজ, যারা বৈশ্বিক ‘ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ’ (ইউডব্লিউসি) নেটওয়ার্কের সদস্য।

১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য দুই বছরের ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট ডিপ্লোমা প্রোগ্রাম (আইবিডিপি) পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে ৯০টির বেশি দেশের আড়াই শতাধিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।

ড. ফাউলার বলেন, “একাডেমিক উৎকর্ষ এবং সামাজিকভাবে দায়বদ্ধ ও বুদ্ধিবৃত্তিকভাবে কৌতূহলী তরুণ সমাজ গঠনে জোর দেওয়ার কারণে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো আইবিডিপিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।"

তিনি বলেন, “আমার এই ঢাকা সফর বাংলাদেশের শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। বাংলাদেশের রয়েছে বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী এবং সুদূরপ্রসারী শিক্ষাদর্শন।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মেধা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে বৃত্তি দেয় এলপিসিইউডব্লিউসি। কলেজের অর্ধেকের বেশি শিক্ষার্থী কোনো না কোনো আর্থিক সহায়তা পাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা মূলত ইউডব্লিউসি ন্যাশনাল কমিটির মাধ্যমে এসব সুযোগের জন্য আবেদন করতে পারে।

১৯৯২ সালে এশিয়ায় দ্বিতীয় ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় হংকংয়ের লি পো চুন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ। হংকংয়ের উ কাই শা এলাকায় মা অন শান কান্ট্রি পার্কের কাছে এর ক্যাম্পাস, যা শহরের কেন্দ্র থেকে এক ঘণ্টারও কম দূরত্বে।

কলেজ কর্তৃপক্ষ বলছে, প্রাকৃতিক পরিবেশঘেরা এই ক্যাম্পাস শিক্ষার্থীদের স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করার সুযোগ দেয়। পাশাপাশি ‘প্রজেক্ট উইক’ ধরনের কার্যক্রমের মাধ্যমে এশিয়া ও বিশ্বে চীনের ভূমিকা সম্পর্কেও তারা ধারণা পেতে পারে। 

এলপিসিইউডব্লিউসি বলছে, বিশ্বের ১৮টি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের একটি হিসেবে তারা শিক্ষাকে শান্তি, টেকসই উন্নয়ন এবং আন্তঃসাংস্কৃতিক সংযোগের শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ড. ফাউলার বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের সুযোগ খুঁজতে আমরা আগ্রহী। এর মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন পথ তৈরি হবে এবং আন্তঃসাংস্কৃতিক শিক্ষা বিনিময় জোরদার হবে।”

তিনি বলেন, তাদের কলেজে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে ৭০টির বেশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের আগ্রহ ও দক্ষতা বিকাশের সুযোগ পায়।