২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইইউবিতে সিএস ফেস্ট অনুষ্ঠিত

এবারের উৎসবে বিভিন্ন স্কুল, কলেজের প্রায় দুই হাজার এবং এআইইউবির প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 07:26 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) সিএস ফেস্ট ২০২৪ এ ১২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চার দিনের এ উৎসব ২৫ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২৮ এপ্রিল।

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীলতার প্রসার সিএস ফেস্টের মূল লক্ষ্য বলে সংবাদ বিজপ্তিতে বলেছে এআইইউবি।

এতে আগের বছরগুলোর ধারাবাহিকতায় পুরোনো প্রতিযোগিতার পাশাপাশি নতুন কিছু প্রতিযোগিতার সংযোজনে সাজানো হয় সিএস ফেস্ট ২০২৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপ শোকেসিং, প্রোগ্রামিং, সায়েন্স প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন-আইডিয়া প্রোটোটাইপ, আইসিটি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং, লোগো ডিজাইন, গল্প রচনা, আর্ট, গণিত, রোবট সকার ও ড্রোন রেস মিলিয়ে ১২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের উৎসবে বিভিন্ন স্কুল, কলেজের প্রায় দুই হাজার এবং এআইইউবির প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

গত ২৫ এপ্রিল এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন সিএস ফেস্ট উদ্বোধন করেন।

এ সময় আইসিটি বিভাগের সাবেক সচিব বিকর্ণ কুমার ঘোষ, হাই টেক পার্কের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাদিয়া আনোয়ার উপস্থিত ছিলেন।