ডাকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ৩৯৯৩২ জন
খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে হলগুলোর নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ৩৯ হাজার ৯৩২ জনকে ভোটার করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯০৪ জন আর ছাত্রী ১৯ হাজার ২৮ জন। অর্থাৎ মোট ভোটারের ৫২ শতাংশ ছাত্র, আর ছাত্রী ভোটার ৪৭ শতাংশ।
বুধবার এই খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন।
তালিকা অনুযায়ী ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৭৬ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন।
আর ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন, জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন।
খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে ইতোমধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।
খসড়া ভোটার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে সেটি জানানোর শেষ সময় আগামী ৬ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট বিকাল ৪টায়।
আগামী ৯ সেপ্টেম্বর ভোটের তারিখ রেখে মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ অগাস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ অগাস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
আরও পড়ুন-
