২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল ঘোষণা: ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

“দীর্ঘ দিন পর দেশে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে,” বলেন গণেশ চন্দ্র রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে শেষে হয়।

এসময় 'ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে', 'দিল্লীপন্থিদের দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ', 'পাকিস্তানপন্থিদের দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ', 'তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক'সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “দীর্ঘ দিন পর বাংলাদেশে একটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে। 

“২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন দেখেছি, ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন দেখেছি, ২০২৪ সালে আমি-ডামি নির্বাচন দেখেছি। আমরা তরুণরা এখনো কীভাবে ভোট দিতে হয়, তা জানি না। ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার এখনো হয়নি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের সামনে সুযোগ এসেছে।”

তিনি বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন করার জন্য মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে।  

তিনি তফসিল ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সকল বিধি মেনে আগামী নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত সচেতন থাকতে হবে।”