Published : 07 Feb 2026, 08:56 PM
শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলার মধ্যে ভারসাম্য গড়ে তুলতে উৎসাহ দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) উপাচার্য মো. মিজানুর রহমান।
তিনি বলেছেন, খেলাধুলা বা ক্রীড়া শুধু জয়ের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণ তৈরি করে।
শনিবার ঢাকার খিলক্ষেতে নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায়, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনায় ভালো করতে সহায়তা করে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের মাঠের শৃঙ্খলাই আগামী দিনের জীবনের সাফল্যের ভিত্তি।”
এ সময় তিনি মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করায় নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, “শিক্ষার্থীদের স্ক্রিন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি
সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাসুদুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।