কুবি শিক্ষকদের ধর্মঘট রোববার থেকে
শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষাছুটি নীতিমালা বিষয়ক সুপারিশ সিন্ডিকেটে অনুমোদন না করায় রোববার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের আলোকে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটি কিছু সুপারিশ সিন্ডিকেটে দাখিল করে।
“কিন্তু সিন্ডিকেটে ওই সুপারিশ অনুমোদন না করায় আমরা আগামীকাল (রোববার) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি,” বলেন তিনি।
তাবে, পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশের কয়েকটি বিষয় নিবিড় পর্যবেক্ষণ করতে হবে বলে সিন্ডিকেট মনে করছে।
এ কারণে গত ৩০ মে ৫৪তম সিন্ডিকেট সভায় তা পাশ হয়নি।
তবে, আগামী ২০ জুন সিন্ডিকেটের বাজেট অধিবেশনে বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে বলে জানান তিনি।
সুপারিশের বিষয়বস্তু সম্পর্কে মজিবুর বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরির অভিজ্ঞতা ও সময়সীমা গণনার স্কেল নির্ধারণ, অধ্যাপক হওয়ার নীতিমালা, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এ বিশ্ববিদ্যালয়ে যোগ দিলে কীভাবে তার চাকরির সময় গণনা করা হবে, উচ্চতর ডিগ্রির জন্য বৈতনিক ও অবৈতনিক ছুটির বিষয়সহ কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে সুপারিশে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর সিন্ডিকেটের ৫৩তম সভায় শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুন্ডু গোপী দাসকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. আবু তাহেরকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ সৈয়দুর রহমান, বাণিজ্য অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ্র দেব, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার।
