২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএল কলেজ হলে তালা, অগ্নিসংযোগ

খুলনার সরকারি বিএল কলেজের তিনটি আবাসিক হলে ‘ছাত্রদল নিয়ন্ত্রিত’ শতাধিক কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার দুপুরে এ ঘটনার সময় কবি নজরুল ও ডা. জোহা হলের তিনটি কক্ষে আগুনও দেওয়া হয়।

তবে সাধারণ ছাত্ররা এ কাজ করেছে বলে দাবি করছে ছাত্রলীগ।

এদিকে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের ৯ নেতার নামে ছাত্রলীগ মামলা করেছে।

বিএল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ শাহেদ অভিযোগ করেন, বেলা ১টার দিকে ছাত্রলীগকর্মীরা কবি নজরুল হলের ছাত্রদল নিয়ন্ত্রিত ৯ ও ১০ নং কক্ষে অগ্নিসংযোগ করেন। ডা. জোহা হলের একটি শয্যার জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া তিতুমীর হলের ছাত্রদল নিয়ন্ত্রিত প্রায় ৫০টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তালা দেওয়া হয় অন্য দুই আবাসিক হলেও।

খবর পেয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দাস জানান, ছাত্রদলকর্মীরা ইংরেজি ভবনে এক ছাত্রলীগকর্মীর ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা হলে গিয়ে ছাত্রদল নেতাদের রুমে আগুন দিয়েছে।

“আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।”

দৌলতপুর থানার ওসি আবু মুছা খন্দকার জানান, “হলের ২/৩টি কক্ষের লেপ-তোষকে আগুন দেওয়া হয়েছিল। আমরা গিয়ে নিয়ন্ত্রণে এনেছি। বেশ কয়েকটি রুমে তালা দেওয়া হয়েছে। ছাত্রলীগ নেতাদের বুঝিয়ে তালা খোলার ব্যবস্থা করা হচ্ছে।”

এ ঘটনায় বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিশাত ফেরদৌস অনি বাদী হয়ে ছাত্রদলের ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান ওসি মুছা।

বিএল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দর্প নারায়ণ সাহা জানান, দুইটি ছাত্র সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। তার জেরে মঙ্গলবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে পুলিশ চলে আসায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।